সরকারি ক্রয়ে সহঠিকাদার ও সহপরামর্শক ব্যবস্থাপনাঃ আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি
প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM
উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী)
নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা।
ইমেইল: moktar031061@gmail.com
==========================================
একটি বৃহৎ সেতু নির্মাণ, আধুনিক হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ কিংবা জটিল তথ্যপ্রযুক্তি (ICT) প্রকল্প – এসব সরকারি ক্রয় কার্যক্রমে এমন অনেক কাজ থাকে, যা একক কোনো ঠিকাদার বা পরামর্শকের পক্ষে নিজস্ব জনবল, প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা দিয়ে সম্পূর্ণ বাস্তবায়ন করা সবসময় সম্ভব হয় না। আবার অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বিশেষায়িত কাজ সম্পন্ন করতে প্রয়োজন হয় এমন দক্ষতা, অভিজ্ঞতা বা প্রযুক্তির, যা মূল ঠিকাদার বা পরামর্শকের নিজস্ব প্রতিষ্ঠানে নাও থাকতে পারে।
এই বাস্তব প্রয়োজন থেকেই সরকারি ক্রয় ব্যবস্থায় সহঠিকাদার (Sub-contractor) এবং সহপরামর্শক (Sub-consultant) নিয়োগের সুযোগ রাখা হয়েছে। তবে এই সুযোগ কোনোভাবেই সীমাহীন নয়। কোন কাজ সহঠিকাদারকে দেওয়া যাবে, কোন কাজ দেওয়া যাবে না, কতটুকু কাজ সাব-কন্ট্রাক্ট করা যাবে, কাদের পূর্বানুমোদন প্রয়োজন, কার ওপর চূড়ান্ত দায়-দায়িত্ব বর্তাবে, এবং মূল্যায়নের সময় সহঠিকাদার বা সহপরামর্শকের সক্ষমতা কীভাবে বিবেচিত হবে – এসব বিষয় বাংলাদেশের সরকারি ক্রয় আইনে স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে।
বাংলাদেশের পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (PPA 2006), পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (PPR 2025) এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA) কর্তৃক প্রকাশিত বিভিন্ন Standard Tender Document (STD) ও Standard Request for Proposal (SRFP)-এ সহঠিকাদার ও সহপরামর্শক নিয়োগ, অনুমোদন, মূল্যায়ন এবং চুক্তি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত বিধান রয়েছে।
এই নিবন্ধে সরকারি ক্রয়ে সহঠিকাদার ও সহপরামর্শক নিয়োগের আইনি ভিত্তি, যোগ্যতা ও সীমাবদ্ধতা, মূল্যায়ন পদ্ধতি, অনুমোদনের শর্ত, চুক্তিগত দায়-দায়িত্ব এবং বাস্তব প্রয়োগের গুরুত্বপূর্ণ দিকগুলো সহজ ভাষায় ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। ফলে এটি সরকারি সংস্থা, দরপত্রদাতা, পরামর্শক প্রতিষ্ঠান এবং সরকারি ক্রয় বিষয়ে আগ্রহী সকল পাঠকের জন্য একটি ব্যবহারিক রেফারেন্স হিসেবে কাজ করবে।
এ বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিবেশনা দেখুনঃ
সহঠিকাদার, সহপরামর্শক ও মনোনীত সহঠিকাদারের সংজ্ঞা
পিপিআর-২০২৫ (PPR-2025)-এর বিধি ২ অনুযায়ী ক্রয়কার্যে অংশগ্রহণকারী মূল সত্তার সহযোগী হিসেবে নিম্নোক্ত পক্ষসমূহকে সংজ্ঞায়িত করা হয়েছে:
সহঠিকাদার (Sub-contractor): পিপিআর-২০২৫-এর বিধি ২(৬১) অনুযায়ী, চুক্তিবদ্ধ কার্যের কোনো নির্দিষ্ট অংশ সম্পাদনের জন্য মূল ঠিকাদারের সাথে চুক্তিবদ্ধ কোনো ব্যক্তি বা বিধিবদ্ধ সংস্থাকে বোঝাবে এবং নির্বাচিত স্থানে কাজও এর অন্তর্ভুক্ত হবে।
সহপরামর্শক (Sub-consultant): পিপিআর-২০২৫-এর বিধি ২(৬০) অনুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় সেবার কোনো নির্দিষ্ট বা বিশেষায়িত অংশ সম্পাদনের জন্য নিযুক্ত ব্যক্তি বা সংস্থাকে সহপরামর্শক বলা হয়।
মনোনীত সহঠিকাদার (Nominated Sub-contractor): পিপিআর-২০২৫-এর বিধি ২(৪৯) অনুযায়ী, কোনো কার্যচুক্তির বিপরীতে ক্রয়কারী (Procuring Entity – PE) কর্তৃক প্রদত্ত মনোনয়নের ভিত্তিতে চুক্তিতে অন্তর্ভুক্ত কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য মূল ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। অর্থাৎ, বিশেষায়িত কোনো কাজের জন্য ক্রয়কারী নিজেই দরপত্র দলিলে পূর্ব থেকে মনোনীত সহঠিকাদারের নাম উল্লেখ করে দিতে পারেন।
যেমন – আদর্শ দরপত্র দলিল e-PW3-এর ITT Clause 18.4 ও ভৌত সেবা ক্রয়ের দলিল e-PPS3-এর ITT Clause 17.4 অনুযায়ী ক্রয়কারী আগে থেকেই Nominated Subcontractor নির্বাচন করে Tender Data Sheet (TDS)-এ তা সুনির্দিষ্ট করে দিতে পারেন।
ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী
পিপিআর-২০২৫-এর বিধি ৬৯(১) অনুযায়ী, আদর্শ দরপত্র দলিল বা প্রস্তাব দাখিলের অনুরোধ-সংবলিত দলিলে (RFP) উল্লিখিত যথাযথ যোগ্যতা থাকার সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করা সাপেক্ষে, ক্রয়কারী কোনো ইকোনমিক অপারেটরকে (Economic Operator) সহঠিকাদার বা সহপরামর্শক নিয়োগের অনুমতি দিতে পারে। e-PPS3-এর ITT Clause 25.1c এবং SRFP (PS7)-এর ITC 23.10 অনুযায়ী দরপত্রদাতা বা পরামর্শককে প্রস্তাবিত সাব-কন্ট্রাক্টরের যোগ্যতা ও তথ্য সংক্রান্ত নির্দিষ্ট ফর্ম (To be completed and signed by each Subcontractor, without alterations, preferably on its Letter-Head Pad) দরপত্রের সাথে জমা দিতে হবে।
দরপত্রে অংশগ্রহণের প্রক্রিয়া
একাধিক দরপত্রে অংশগ্রহণ: পিপিআর-২০২৫-এর বিধি ৬৯(২) এবং আদর্শ দরপত্র দলিল PW3-এর ITT Clause 18.3, e-PG3-এর ITT Clause 15.3, ও ভৌত সেবার e-PPS3-এর ITT Clause 17.3 অনুযায়ী, সহঠিকাদার হিসেবে কোনো দরপত্র বা প্রস্তাবে উল্লিখিত প্রতিষ্ঠান একাধিক প্রস্তাবে অংশগ্রহণ করতে পারবে, তবে সেই অংশগ্রহণ শুধু সহঠিকাদার বা সহপরামর্শক হিসেবেই সীমাবদ্ধ থাকতে হবে (মূল টেন্ডারার হিসেবে নয়)।
দ্বৈত ভূমিকা নিষিদ্ধ: পিপিআর-২০২৫-এর বিধি ৬৯(৩) অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ব্যক্তিগতভাবে বা যৌথ উদ্যোগের (Joint Venture – JV) অংশীদার হিসেবে কোনো আবেদন দাখিল করে, তবে সে একই ক্রয় প্রক্রিয়ায় অন্য কোনো আবেদনকারীর সহপরামর্শক বা সহঠিকাদার হিসেবে গ্রহণযোগ্য হবে না।
পেশাদার ব্যক্তির সীমাবদ্ধতা: পিপিআর-২০২৫-এর বিধি ১৪০(১)(চ) অনুযায়ী, মনোনীত সহপরামর্শক ছাড়া, মূল কোনো পেশাদার ব্যক্তিকে (Key Personnel/Key Staff) একের অধিক পরামর্শক প্রতিষ্ঠান (Firm) কর্তৃক প্রস্তাব করা যাবে না।
জাতীয়তা (Nationality): মূল সরবরাহকারী বা ঠিকাদারের মতোই সহঠিকাদারকেও প্রকিউরমেন্ট কন্ডিশনে (Particular Conditions of Contract – PCC) নিষিদ্ধ দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিক বা সেখানে নিবন্ধিত হতে হবে (যেমন—e-PG3-এর GCC Clause 10.1, e-PPS3-এর GCC Clause 8.1 ও e-PW3-এর GCC Clause 9.1)।
আইনগত ও করসংক্রান্ত নথিপত্র: দেশীয় বা স্থানীয় সহঠিকাদারের ক্ষেত্রে আইনগত যোগ্যতার প্রমাণ হিসেবে আদর্শ দরপত্র দলিলের Subcontractor Information Form (যেমন—Form e-PG3-3, e-PW3-4, বা Form e-PPS3-4) অনুযায়ী হালনাগাদ ভ্যাট (VAT) রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) দাখিল করা বাধ্যতামূলক। তবে আদর্শ দরপত্র দলিলের ITT sub-Clause অনুযায়ী, বিদেশী সহঠিকাদারকে (Foreign Subcontractor) উক্ত শর্ত বা মানদণ্ড পূরণের স্বপক্ষে একটি লিখিত ঘোষণার মাধ্যমে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল করতে হবে।
সহঠিকাদার নিয়োগের আর্থিক ও আইনি সীমাবদ্ধতা
আদর্শ দরপত্র দলিল অনুযায়ী সহঠিকাদার নিয়োগের ক্ষেত্রে প্রধান শর্তসমূহ নিম্নরূপ:
আর্থিক ও কাজের পরিমাণগত সীমা: আদর্শ দরপত্র দলিল e-PW3 -এর ITT Clause 20.1, e-PG3 এর ITT Clause 15.1 এবং ভৌত সেবা ক্রয়ের e-PPS3-এর ITT Clause 17.1 অনুযায়ী, ঠিকাদার বা দরপত্রদাতা চুক্তিবদ্ধ মোট কার্যের (Works), পণ্যের (Goods) বা ভৌত সেবার মূল্যের অনধিক ৩০% (ত্রিশ শতাংশ) অংশ সহঠিকাদারের/সহ-পরামর্শকের মাধ্যমে সম্পাদন করার ইচ্ছা ব্যক্ত করতে পারবেন। চুক্তির সম্পূর্ণ অংশ (১০০% কাজ) কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট প্রদান করা যাবে না।
পরামর্শক সেবার ক্ষেত্রে ব্যতিক্রম (SRFP PS7 – ITC 23.9):
পরামর্শক নিয়োগের ক্ষেত্রে EOI এর মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা (Short List) ভুক্ত না হওয়া কোনো পরামর্শক (যারা তালিকাভুক্তির জন্য আবেদন করেনি) কে যদি মূল শর্ট-লিস্টেড পরামর্শক, সহ পরামর্শক হিসেবে নিয়োগ দেয়, তবে তার জন্য ক্লায়েন্টের কোনো পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। তবে সম্পূর্ণ প্রস্তাবটি মূল শর্ট-লিস্টেড পরামর্শকের নামেই জমা দিতে হবে। তবে সহপরামর্শক নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবের সাথে শর্ট-লিস্টেড পরামর্শক প্রতিষ্ঠানের আইনগত ও আর্থিক প্রতিশ্রুতি প্রদানের ক্ষমতাসম্পন্ন প্রতিনিধির স্বাক্ষরিত কভারিং লেটার এবং সহপরামর্শকের সাথে সম্পাদিত চুক্তির অনুলিপি জমা দিতে হবে।
স্বার্থের সংঘাত (Conflict of Interest) ও নৈতিকতা
সরকারি ক্রয়ের আচরণবিধি (Code of Ethics) অনুযায়ী মূল ঠিকাদারের পাশাপাশি সহঠিকাদার ও সহপরামর্শকদেরও সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখতে হবে।
দুর্নীতি ও জবরদস্তির শাস্তি: আদর্শ দরপত্র দলিল e-PG3 এর ITT Clause 4, e-PW3 এর ITT Clause 4 এবং e-PPS3-এর ITT Clause-4 অনুযায়ী, দরপত্র প্রক্রিয়া বা চুক্তি বাস্তবায়নকালে সহঠিকাদার বা সহপরামর্শক কোনো প্রকার দুর্নীতি, প্রতারণা, যোগসাজশ, জবরদস্তি বা তদন্তে প্রতিবন্ধকতামূলক কর্মে (Corrupt, Fraudulent, Collusive, Coercive, or Obstructive practices) জড়িত হলে তা চুক্তির মৌলিক লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরামর্শক সেবায় স্বার্থের সংঘাত: পিপিআর-২০২৫-এর বিধি ৭১(৫) অনুযায়ী, কোনো সহপরামর্শক বা তার লোকবলকে এমন কোনো দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা যাবে না, যা একই ক্রয়কারী বা অন্য কোনো ক্রয়কারীর জন্য একই ধরনের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বার্থের সংঘাত (Conflict of Interest) তৈরি করে।
কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক: পিপিআর-২০২৫-এর বিধি ৭১(৬) অনুযায়ী, ক্রয়কার্যের সাথে জড়িত ক্রয়কারী দপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সাথে সহপরামর্শক বা তাদের কর্মীদের কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকলে উক্ত প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন করা যাবে না, যদি না দরপত্র প্রক্রিয়া চলাকালে উক্ত সংঘাতের বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি করা হয়ে থাকে।
অডিট ও পরিদর্শন: আদর্শ দরপত্র দলিলের e-PG3 এর GCC Clause 6.6 ও e-PW3 এর ITT Clause 4.6 অনুযায়ী, সরবরাহকারী বা ঠিকাদারের মতোই সহঠিকাদারেরও হিসাব, নথিপত্র এবং দরপত্র সংক্রান্ত রেকর্ডসমূহ সরকার বা উন্নয়ন সহযোগীদের মনোনীত অডিটর দ্বারা পরিদর্শন ও অডিট (Audit) করার আইনগত বাধ্যবাকতা রয়েছে।
সহঠিকাদারের ক্ষেত্রে দরপত্র ও প্রাকযোগ্যতা মূল্যায়ন পদ্ধতি
দরপত্র বা প্রাকযোগ্যতা মূল্যায়নের সময় সহঠিকাদারের যোগ্যতা মূল্যায়নে একটি সুনির্দিষ্ট আইনি সীমারেখা রয়েছে, যা নিম্নরুপ:
যোগ্যতা যোগ না করার সাধারণ নিয়ম (Non-summation): পিপিআর-২০২৫-এর বিধি ৬৯(৫) এবং বিধি ১১৩(৭) অনুযায়ী, কোনো আবেদনকারীর প্রাকযোগ্যতা (Pre-qualification) নির্ধারণ বা দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সহঠিকাদারের সাধারণ অভিজ্ঞতা (General Experience) এবং আর্থিক সামর্থ্য/সম্পদ (Financial Capability) মূল দরপত্রদাতা বা ঠিকাদারের নিজস্ব অভিজ্ঞতা ও আর্থিক সম্পদের সাথে যোগ করা যাবে না।
নির্দিষ্ট কাজের কারিগরি মূল্যায়ন: পিপিআর-২০২৫-এর বিধি ৬৯(৪) অনুযায়ী, দরপত্রে সুনির্দিষ্টভাবে উল্লিখিত সহঠিকাদারের বিশেষায়িত কারিগরি যোগ্যতা শুধু ঠিকাদারের যোগ্যতা মূল্যায়নে তার (সহঠিকাদারের) জন্য নির্ধারিত নির্দিষ্ট কাজের (Specific Component / Key Activity) ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে।
অনুমোদনহীন সহঠিকাদার, সহপরামর্শক প্রতিস্থাপন ও অপসারণ
চুক্তি স্বাক্ষর পরবর্তী সময়ে সহঠিকাদার ব্যবস্থাপনা অত্যন্ত সংবেদনশীল। চুক্তির শর্ত বহির্ভূত যেকোনো পদক্ষেপ শাস্তিমূলক ব্যবস্থা ডেকে আনে।
অনুমোদনহীন/Unauthorised Subcontracting: পিপিআর-২০২৫-এর বিধি ৬৯(৬), e-PW3 -এর ITT Clause 18.5/18.6 ও GCC Clause 20.3, এবং PPS3-এর ITT Clause 17.5/17.6 অনুযায়ী, দরপত্র দাখিলের সময় উল্লেখ না থাকা বা Subcontractor Information Form উল্লেখ না থাকা কোনো নতুন সহঠিকাদারকে চুক্তি সম্পাদনের পর ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার (AO) লিখিত অনুমোদন ছাড়া নিয়োগ করা হলে তা চুক্তির মৌলিক লঙ্ঘন (Fundamental Breach) হিসেবে গণ্য হবে। অপর দিকে e-PG3-এর ITT Clause 15.4 এবং GCC Clause 15.1 অনুযায়ী দরপত্র দাখিলের সময় উল্লেখ না থাকা বা Subcontractor Information Form উল্লেখ না থাকা কোনো নতুন সহঠিকাদারকে চুক্তি সম্পাদনের পর নিয়োগ করা হলে তা চুক্তির মৌলিক লঙ্ঘন (Fundamental Breach) হিসেবে গণ্য হবে।
চুক্তি বাতিলের নোটিশ: আদর্শ দরপত্র দলিল e-PW3 -এর GCC Clause 88.1(IX), এবং e-PPS3-এর GCC Clause 50.1 অনুযায়ী, চুক্তি বাস্তবায়নকালে যদি কোন ঠিকাদার সমুদয় চুক্তিমূল্যের 30% সীমার অতিরিক্ত অংশ সাব-কন্ট্রাক্ট দিয়ে থাকে অথবা HOPE বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার (AO) পূর্বানুমোদন ব্যতিরেকে কোনো সহঠিকাদারকে নিয়োজিত করে তাহলে ক্রয়কারী ঠিকাদারকে ১৪ (চৌদ্দ) দিনের লিখিত ডিফল্ট নোটিশ (Written Notice of Default) দিয়ে চুক্তি বাতিল করতে পারে। তবে e-PG3 এর 41.1 (VI) অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, সরবরাহকারী (Supplier) যদি এই চুক্তির অধীন কোনো অংশ দরপত্র দাখিলের সময় উল্লেখ না থাকা বা Subcontractor Information Form উল্লেখ না থাকা কোনো নতুন সহঠিকাদারকে নিয়োগ করে বা সমুদয় চুক্তিমূল্যের 30% সীমার অতিরিক্ত অংশ সাব-কন্ট্রাক্ট দিয়ে থাকেন বা সম্পূর্ণ কাজের জন্য কোনো সহঠিকাদারকে (Subcontractor) নিয়োগ করে তাহলে, ক্রয়কারী ঠিকাদারকে ১৪ (চৌদ্দ) দিনের লিখিত ডিফল্ট নোটিশ (Written Notice of Default) দিয়ে চুক্তি বাতিল করতে পারে।
সহঠিকাদার প্রতিস্থাপন: আদর্শ দরপত্র দলিল e-PW3-এর ITT Clause 18.2, e-PG3-এর ITT Clause 15.2, এবং e-PPS3-এর ITT Clause 17.2 অনুযায়ী, দরপত্র মূল্যায়ন বা চুক্তি বাস্তবায়নকালে যদি দেখা যায় যে প্রস্তাবিত সহঠিকাদারটি অযোগ্য (Ineligible) কিংবা সংশ্লিষ্ট কাজটি সম্পন্ন করতে অনুপযোগী (Unsuitable), তবে ক্রয়কারী মূল ঠিকাদারকে একজন গ্রহণযোগ্য বিকল্প বা প্রতিস্থাপক (Acceptable Substitute) প্রস্তাব করার অনুরোধ করতে পারে।
চুক্তি সম্পাদনে বিলম্বের নোটিশ: আদর্শ দরপত্র দলিল e-PG3 এর GCC Clause 33.2 এবং e-PW3-এর GCC Clause 43.1 অনুযায়ী, চুক্তি বাস্তবায়নের সময় যদি সহঠিকাদারের কোনো গাফিলতি বা সমস্যার কারণে সময়মতো পণ্য সরবরাহ বা কার্য সম্পাদনে বিঘ্ন ঘটে, তবে মূল ঠিকাদার অবিলম্বে বিলম্বের কারণ ও সম্ভাব্য সময় উল্লেখ করে প্রকিউরিং এনটিটিকে লিখিতভাবে জানাবে।
সাব-কন্ট্রাক্ট চুক্তি জমাদান: আদর্শ দরপত্র দলিল e-PW3-এর GCC Clause 20.6 অনুযায়ী, মনোনীত সহঠিকাদার কাজ শুরু করার আগেই মূল ঠিকাদার ও সহঠিকাদারের মধ্যে সম্পাদিত আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তিপত্রটি (Agreement) আবশ্যিকভাবে প্রকল্প ব্যবস্থাপকের (Project Manager) কাছে দাখিল করতে হবে। অপরদিকে SRFP PS7 – ITC 23.9 অনুযায়ী সহপরামর্শক নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবের সাথে শর্ট-লিস্টেড পরামর্শক প্রতিষ্ঠানের আইনগত ও আর্থিক প্রতিশ্রুতি প্রদানের ক্ষমতাসম্পন্ন প্রতিনিধির স্বাক্ষরিত কভারিং লেটার এবং সহপরামর্শকের সাথে সম্পাদিত চুক্তির অনুলিপি জমা দিতে হবে।
চূড়ান্ত দায়-দায়িত্ব (Ultimate Liability)
সহঠিকাদার বা সহপরামর্শক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি দিকটি হলো দায়বদ্ধতা।
দায় হস্তান্তরের সীমাবদ্ধতা: পিপিআর-২০২৫-এর বিধি ৬৯(৬) ও বিধি ৬৯(৭), SRFP (PS7)-এর ITC 23.11/GCC 35.2, e-PW3-এর GCC Clause 20.1 এবং e-PG3 -এর GCC Clause 15.3 অনুযায়ী, ক্রয়কারীর অনুমোদনক্রমে সহঠিকাদার বা সহপরামর্শক নিয়োগ করা সত্ত্বেও, মূল চুক্তির অধীন পালনযোগ্য সকল দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে মূল সরবরাহকারী, ঠিকাদার বা পরামর্শকের ওপরই ন্যস্ত থাকবে। সহঠিকাদারের কোনো ভুল, ত্রুটি, নিম্নমানের কাজ বা গাফিলতির জন্য ক্রয়কারীর কাছে মূল ঠিকাদারই দায়ী থাকবেন, যেন তা ঠিকাদারের নিজস্ব কর্মকর্তা বা কর্মচারীর দ্বারাই সংঘটিত হয়েছে। কোনো অবস্থাতেই মূল চুক্তিবদ্ধ দায়-দায়িত্ব সহঠিকাদারের কাছে স্থানান্তর বা অর্পণ (Assign) করা যাবে না।
পরিশেষ
পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০২৫ এর আলোকে সরকারি ক্রয়ে সহঠিকাদার নিয়োগের বিধানটি মূলত প্রকল্প বাস্তবায়নে বিশেষায়িত প্রযুক্তি ও দক্ষতা যুক্ত করার একটি চমৎকার সুযোগ। তবে এর অপপ্রয়োগ বা অনুমোদনহীন Subcontractor নিয়োগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দরপত্র মূল্যায়নের সময় এবং চুক্তি বাস্তবায়নকালীন সময়ে সহ-ঠিকাদার/সহ পরামর্শক সংক্রান্ত ব্যবস্থাপনা বিষয়টি আরও নিবিড়ভাবে পর্যব্ক্ষেন ও নিয়ন্ত্রণ করা গেলে তা, বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই লেখকের অন্যান্য লেখা

সরকারি ক্রয়চুক্তিতে মূল্য সমন্বয় (Price Adjustment): আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি
প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। ইমেইল:

সরকারি ক্রয়ে সর্বনিম্ন দরের ভ্রান্তি বনাম বাস্তবতাঃ যোগ্যতা ও চতুঃস্তরীয় মূল্যায়ন
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয়ে ‘স্বার্থের সংঘাত’: আইনি বাধ্যবাধকতা ও করণীয়
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট কী ? প্রকারভেদ, আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email: